বুধবার ● ২১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ইকোনমিক জোন ও বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী      ● ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত      ● মদ ও ইয়াবাসহ আটক ৭      ● প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন      ● প্রধানমন্ত্রীকে অনুসরণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার      ● প্রায় ২০০ শিশুর মৃত্যুর ঘটনায় কেনিয়ায় ধর্মীয় নেতা দোষী সাব্যস্ত      ● গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে ৮ জন আহত      ● ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন      ● জ্বালানি নিরাপত্তায় আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের সমঝোতা      ● স্বর্ণমন্দিরে কেন কান্নায় ভেঙে পড়লেন সারা আলি খান?      ● রায়ের পরও জমি নিয়ে বিরোধ      ● প্রতিদিন কয়টি ডিম খাওয়া নিরাপদ, জেনে নিন      
ইকোনমিক জোন ও বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী
প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫:০৪ পিএম

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক রদবদল ও অপেক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করার পর এই প্রথম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির প্রধান চালিকাশক্তি মোংলা সমুদ্রবন্দর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই প্রথম মোংলা সফরকে কেন্দ্র করে মোংলাসহ উপকূলীয় অঞ্চলে প্রশাসনিক ব্যস্ততা ও সাধারণ মানুষের মাঝে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তাঁর কাছে মোংলা বন্দরকে বিশ্বমানের বাণিজ্যিক বন্দরে রূপান্তরের প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে শুধু মোংলা বন্দরই নয়, পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রাজনৈতিক ও বাণিজ্য মহলে তৈরি হয়েছে বিপুল উদ্দীপনা। বন্দরকেন্দ্রিক দীর্ঘদিনের নানা সমস্যা, নাব্য সংকট, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং নতুন অবকাঠামো নির্মাণের মাধ্যমে মোংলাকে আন্তর্জাতিক মানের অর্থনৈতিক ‘হাব’-এ রূপান্তরের দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ পরিদুল ইসলাম জানান, সফরকালে প্রধানমন্ত্রী মোংলা বন্দরের বর্তমান সক্ষমতা, জেটি এলাকা এবং মেগা প্রকল্পগুলোর অগ্রগতি সরেজমিনে মূল্যায়ন করবেন। প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরের প্রধান আলোচনার বিষয়গুলো হলো চীনা বিনিয়োগ ও নতুন জেটি নির্মাণ। চীন সরকারের সঙ্গে পূর্বচুক্তিকৃত মোংলা বন্দরের নতুন জেটি নির্মাণ প্রকল্প পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এই বিনিয়োগ দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া মোংলা ইপিজেড এবং বন্দরসংলগ্ন স্পেশাল ইকোনমিক জোন এলাকায় শিল্পায়নের গতি বাড়াতে নতুন কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং মোংলা বন্দর, সুন্দরবনসংলগ্ন এলাকা ও পুরো উপকূলীয় অঞ্চলের অর্থনীতিকে সমৃদ্ধ করার এক ঐতিহাসিক পদক্ষেপ। এর মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিধি বাড়ার পাশাপাশি উপকূলের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মানে এক ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন আসবে।

প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে মোংলা বন্দর চ্যানেল, হিরণ পয়েন্ট এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট আকাশপথে ও সরেজমিনে পরিদর্শন করবেন। বন্দরের সাগর মোহনা আকরাম পয়েন্ট এলাকায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনের নির্ধারিত স্থানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এলএনজি স্টেশন পরিদর্শন শেষে চলে যাবেন নলিয়ানে। পরে নৌপথে চলে আসবেন মোংলা নৌবাহিনীতে। সেখান থেকে বিকেলে তিনি মোংলা বন্দরের জেটি এলাকা পরিদর্শন শেষ করে ইকোনমিক জোন পরিদর্শন করবেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মোংলা নদীর ওপর বহুল কাঙ্ক্ষিত সেতু নির্মাণ এবং মোংলা-খুলনা মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার প্রস্তাবও প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় রয়েছে। মোংলা বন্দর উন্নয়নের পাশাপাশি তাঁকে এ বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হবে।

মোংলা বন্দরকে চট্টগ্রাম বন্দরের বিকল্প নয়, বরং সমকক্ষ ও পরিপূরক আন্তর্জাতিক হাব হিসেবে দেখতে চান স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাণিজ্যিক সংগঠনগুলো তাদের নির্দিষ্ট কিছু দাবিও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরবে।

মোংলা বন্দর ব্যবহারকারীরা বলেন, বন্দর চ্যানেলে নিয়মিত নাব্যতার অভাবে অনেক বড় বিদেশি জাহাজ সরাসরি জেটিতে এসে ভিড়তে পারে না।

প্রধানমন্ত্রী চীনের সহায়তায় নতুন জেটি নির্মাণের স্থান দেখার পাশাপাশি চ্যানেলের গভীরতা বাড়ানোর স্থায়ী নির্দেশনা দেবেন বলে আমরা আশাবাদী। এ ছাড়া মোংলা ইপিজেড ও আশপাশের শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এটি সম্ভব হলে বিশ্ববাজারের তীব্র প্রতিযোগিতায় আমাদের উৎপাদন খরচ কমবে। একই সঙ্গে বন্দর থেকে খালাস করা পণ্য কম সময় ও খরচে ঢাকায় পৌঁছাতে সড়ক ও রেললাইনের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করতে হবে।

বন্দর ব্যবহারকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, জেটিতে দিন দিন জাহাজ আগমনের সংখ্যা হ্রাস পাচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং অনিয়ম দূর করা না গেলে ড্রেজিং করলেও পূর্ণ সুবিধা পাওয়া যাবে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে এসব বাধা অপসারণের জন্য কঠোর নির্দেশনা প্রত্যাশা করছি। চট্টগ্রাম বন্দরের তুলনায় সক্ষমতা থাকা সত্ত্বেও মোংলা পিছিয়ে আছে কেবল প্রশাসনিক লালফিতার দৌরাত্ম্যের কারণে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতি বারবার দিয়েছেন, তা এই সফরের মাধ্যমে বাস্তবে দেখতে চান ব্যবসায়ীরা।

দলীয় নেতাকর্মীরা বলেন, যদিও এটি সম্পূর্ণ একটি সরকারি, প্রশাসনিক ও অর্থনৈতিক পর্যালোচনা সফর এবং এতে কোনো দলীয় রাজনৈতিক জনসভার কর্মসূচি রাখা হয়নি, তবুও নেতাকর্মীদের উদযাপনে কোনো ঘাটতি দেখা যাচ্ছে না। পুরো বাগেরহাট জেলা ও মোংলা উপজেলায় আনন্দ মিছিল এবং রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে পথঘাট।

তাঁরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে দেশ পরিচালনায় সফল নেতৃত্ব দিয়ে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের থমকে যাওয়া অর্থনৈতিক গতি ফিরিয়ে আনতেই তাঁর এই সফর। উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমরা আমাদের প্রিয় রাষ্ট্রনায়ককে মোংলার মাটিতে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মোংলা সফর কেবল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ বা অবকাঠামোগত সমস্যার সমাধান করবে না, বরং আঞ্চলিক বাণিজ্য, ট্রানজিট সুবিধা ব্যবহার এবং সুন্দরবনকেন্দ্রিক পরিবেশবান্ধব পর্যটন অর্থনীতিতেও বড় ধরনের গতি আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা। এখন সবার দৃষ্টি আগামীকাল ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঐতিহাসিক পরিদর্শনের দিকে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close