প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট-ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের মাঝাটোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন মোবারকপুর ইউনিয়নের মৃত আব্দুল সাত্তারের ছেলে আব্দুস সামাদ (৪৫), একই গ্রামের নেফাউর রহমানের ছেলে আব্দুস সামাদ (৩৫), আব্দুল মকিম (৩৮), কায়েস আলীর ছেলে নাদিম হোসেন (৩২), আরজেনের ছেলে জামাল আলী (৪০), খড়কপুর গ্রামের কান্তু আলী (৪০) এবং মৃত সাফু বিশ্বাসের ছেলে গোলাম মোস্তফা (৫৫)। এ ছাড়া অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে সামাদ ও মুকিমকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক হায়দারী জানান, মাঝাটোলা গ্রামে গরুবোঝাই ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে কয়েকজন আহত হয়েছেন। তিনি সংবাদ পেয়ে গ্রাম পুলিশ পাঠিয়েছেন এবং উপজেলা ফায়ার সার্ভিসকে বিষয়টি জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যাননি।
এদিকে, শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, তাঁরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাস্তার পাশের খাদে একটি ভটভটি পড়ে থাকতে দেখেন। তাঁরা পৌঁছানোর আগেই স্থানীয়রা গাড়িতে থাকা মানুষ ও গরুগুলো উদ্ধার করেছেন। এ ছাড়া খাদে পড়ে থাকা ভটভটি উদ্ধারে কাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ