প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৪:১২ পিএম

নাসিরনগরে বাড়ি বাড়ি গিয়ে পাঁচ শতাধিক আমের চারা বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের ‘নরহা আমাদের গ্রাম’ ফেসবুক গ্রুপের অ্যাডমিন ও মডারেটরদের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে পাঁচ শতাধিক আমের চারা উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদিন নরহা গ্রামে ঘুরে ঘুরে আম ও বিভিন্ন জাতের চারা উপহার হিসেবে বিতরণ করেন গ্রুপের সদস্যরা।
গ্রুপের সদস্যরা বলেন, গ্রামকে সবুজায়ন করার লক্ষ্যে বাড়ি বাড়ি গিয়ে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এটি অনুসরণীয় একটি দৃষ্টান্ত। দেশের সব গ্রাম সুরক্ষিত হলে সারা দেশ সুরক্ষিত হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।
তারা আরও বলেন, সামাজিক ও পরিবেশের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে ‘নরহা আমাদের গ্রাম’ ফেসবুক গ্রুপের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামের প্রবীণরা। ভবিষ্যতেও তাদের এমন কাজ অব্যাহত থাকবে বলে আশাবাদী গ্রামবাসী।
স্বদেশ প্রতিদিন/এফএইচ