ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। দেবী দুর্গা ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। আগামী শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে, যা তাঁর বাবার ঘর।
বুধবার সকাল থেকে আশুগঞ্জের মেঘনা নদীতে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন শুরু করেন ভক্তরা।
দেবী দুর্গা এবার এসেছিলেন ঘোড়ায় চড়ে, আর ফিরে গেলেন নৌকায় চড়েই। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো দুর্গার প্রতিমা বিসর্জন। নেচে-গেয়ে দুর্গাদেবীর প্রতিমা বিসর্জন দিয়েছেন ভক্তরা। এর মাধ্যমে এ বছরের মতো শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা।
আশুগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু নিতাই চন্দ্র বলেন, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আশুগঞ্জের ১৮টি মণ্ডপের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হয়েছে। বিসর্জনের সময় শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীসহ স্বেচ্ছাসেবকেরা তৎপর ছিলেন।