প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও আলজেরিয়া। মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে দেশটির প্রধানমন্ত্রী সাইফি গরিবের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধিদলের বৈঠকে এসব বিষয় উঠে আসে। বুধবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রী দুই দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি প্রকৌশলী ও জ্বালানি বিশেষজ্ঞদের জন্য প্রশিক্ষণ ও জ্ঞান বিনিময় কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এর মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থায় আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও সৃষ্টি হয়েছে। দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপরও গুরুত্ব দেন তিনি।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী সাইফি গরিব বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে তাঁর সরকার গুরুত্ব দেয়। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি