প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৯ পিএম

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর জেলা হাসপাতালে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পিরোজপুর জেলা ইউনিট। রোববার (১৮ অক্টোবর) সকালে পিরোজপুর জেলা হাসপাতালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। এ সময় হাসপাতাল প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউএলও (ULO) হান্নান, পিরোজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান মো. মেহেদী হাসান মুরাদ এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যরা। তাঁরা সক্রিয়ভাবে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নেন।
এ সময় মো. মেহেদী হাসান মুরাদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত জরুরি। জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, পিরোজপুর জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পরিচালনা করা হয়েছে। আমরা চাই, হাসপাতালসহ প্রতিটি প্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুক। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে এবং সম্মিলিতভাবে কাজ করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ