প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৪:৩০ PM

এম জাবেদ হোসাইন, মীরসরাই প্রতিনিধি: মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে দুটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা রেলস্টেশন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠান হলো পলাশ স্টেশনারি ভ্যারাইটিজ ও মফিজের চায়ের দোকান। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে পলাশ ও মফিজের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পণ্যসামগ্রী ও আসবাবপত্রের কিছুই রক্ষা করা যায়নি। কিছুক্ষণ পর মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হলা মংনু মারমা বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দূরে। আমরা খবর পাই রাত ৪টা ৩৯ মিনিটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ