প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:০৮ পিএম

বিক্ষোভে অংশ নেওয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। মুম্বাইয়ে একটি রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়াকে কেন্দ্র করে আইনি জটিলতায় পড়েছেন অভিনেতা। আমির খানের ভাগ্নে ইমরান যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ভারতে বসবাসের জন্য ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী।
ঘটনার সূত্রপাত গত ১০ অক্টোবর। ওই দিন মুম্বাইয়ের ঐতিহাসিক আগস্ট ক্রান্তি ময়দানে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন ইমরান খান। বিক্ষোভ চলাকালে মুম্বাই পুলিশ তাকে অল্প সময়ের জন্য আটক করে।
আটকের পর পুলিশ ভ্যানে বসে তোলা নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন অভিনেতা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আপাতত ড্রাইভে যাচ্ছি!’
ইমরান খানের ওই বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও সাবেক সংসদ সদস্য কিরিট সোমাইয়া। তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। তার দাবি, বিদেশি নাগরিক ও ওসিআই কার্ডধারী হিসেবে ভারতে রাজনৈতিক কর্মসূচি বা বিক্ষোভে অংশ নেওয়ার অধিকার ইমরানের নেই।
এরপর অভিবাসন ও বিদেশি নাগরিক-সংক্রান্ত আইনের আওতায় ইমরানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে ইমরান খান বলেন, কোনো বিশেষ দাবি নিয়ে নয়, বরং একজন সাধারণ নাগরিক ও শহরের বাসিন্দা হিসেবেই তিনি ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন।
অন্যদিকে, বিজেপির কড়া সমালোচক হিসেবে পরিচিত কিরিট সোমাইয়া ইমরানের বিক্ষোভে অংশ নেওয়াকে ‘রাজনৈতিক উগ্রবাদ’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে অভিনেতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং দ্রুত তাকে ভারত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ