প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:২১ AM

জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় পতাকা অর্জন শুধু সম্মানের বিষয় নয়, বরং অর্পিত দায়িত্ব আরও নিষ্ঠার সঙ্গে পালনের নতুন শপথ। রোববার (১৮ অক্টোবর) সাভারে কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড বা জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী ৭ ও ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এয়ার ডিফেন্স রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ও ৫৭ ইস্ট বেঙ্গল এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে জাতীয় পতাকা অর্জনের জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এই ন্যাশনাল স্ট্যান্ডার্ড শুধু একটি পতাকা নয়, বরং এটি একটি ইউনিটের ইতিহাস, ঐতিহ্য, শৃঙ্খলা, আত্মত্যাগ, পেশাদারত্ব এবং দেশের প্রতি অঙ্গীকারের প্রতীক।’ মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে তিনি সশস্ত্র বাহিনীর শৃঙ্খলা, নেতৃত্ব, নৈতিকতা, প্রশিক্ষণ ও জনগণের আস্থাকে এর প্রকৃত শক্তি হিসেবে উল্লেখ করেন।
সশস্ত্র বাহিনীকে আরও প্রযুক্তিনির্ভর, দক্ষ ও পেশাদার করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও ইলেকট্রনিক যুদ্ধ এখন জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ বাস্তবতায় প্রতিরক্ষা প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বিত সক্ষমতা বাড়ানোর কথাও জানান তিনি। পাশাপাশি সেনাসদস্যদের আবাসন, চিকিৎসা, শিক্ষা, প্রশিক্ষণ ও অবসর-পরবর্তী সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
স্বদেশ প্রতিদিন/এস পি