প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ পিএম

পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আট আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বরাদ্দ দেওয়া দুটি প্লট বাতিল এবং আসামিদের প্রত্যেককে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকার বিশেষ জেলা জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার শামিম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, ওয়াহেদুল ইসলাম, জাফর উল্লাহ, জহুরুল হক ও রেজাউল করিম তরফদার। এ ছাড়া প্লট গ্রহীতা শওকত আজীজ ও আশফাক আজীজ এ মামলার আসামি।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে পরস্পরের যোগসাজশে বৈধ আবেদনকারীদের বঞ্চিত করেন এবং প্রতারণার আশ্রয় নেন। জামানত প্রত্যাহার করে নেওয়ার পর আবেদন বাতিল হওয়া সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে লাভবান হওয়ার জন্য দুজনকে মোট ১০ কাঠার দুটি প্লট বরাদ্দ পাইয়ে দেওয়া হয়।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি