প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৫৭ পিএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী এমপি বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষের পরিচয় এক ও অভিন্ন। আমরা সবাই বাংলাদেশি। প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রক্ষা করাই সরকারের লক্ষ্য।
তিনি শনিবার শারদীয় দুর্গাপূজা উদযাপন-২০২৬ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তথ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে আরও বলেন, এ দেশে সব ধরনের মানুষ সুদীর্ঘকাল ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। এই সম্প্রীতি নষ্ট করার জন্য কেউ যাতে কোনো ধরনের অপতৎপরতা চালাতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এ ছাড়া তথ্য প্রতিমন্ত্রী দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে পালন করার জন্য পূজা কমিটি, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দলসহ সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ রায়, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি দীলিপ সাহা, সাধারণ সম্পাদক বাবু পল্লব রায়, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদারসহ নান্দাইলের ৩১টি পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
আলোচনা সভা শেষে তথ্য প্রতিমন্ত্রী ৩১টি পূজামণ্ডপের প্রতিটিতে সরকারের পক্ষ থেকে ৬০০ কেজি করে চাল বিতরণ করেন। এ ছাড়া প্রতিটি পূজামণ্ডপে যাতায়াত ব্যবস্থা উপযোগী করে দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
এ ছাড়া দুর্গাপূজা উপলক্ষে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খাঁন চৌধুরী ব্যক্তিগত তহবিল থেকে ৩১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫ হাজার করে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা অনুদান প্রদান করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ