প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১:৪১ পিএম

দীর্ঘদিনের দূরত্ব ও মনোমালিন্য ভুলে একই মঞ্চে হাজির হলেন টালিউডের দুই জনপ্রিয় তারকা দেব ও জিৎ। ‘দেশু ৭’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখে উচ্ছ্বসিত ভক্তরা। শুধু উপস্থিতি নয়, অনুষ্ঠানে দেবের সঙ্গে নতুন সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করে বড় ঘোষণাও দিয়েছেন জিৎ।
অনুষ্ঠানে দুই তারকাকে পাশাপাশি দেখে দর্শকদের মধ্যে তাঁদের আবারও বড় পর্দায় একসঙ্গে দেখার দাবি ওঠে। ভক্তদের সেই প্রত্যাশার জবাবে জিৎ বলেন, ‘আপনারা যখন আমাদের আবারও একসঙ্গে পর্দায় দেখতে চান, তবে সেটাই হবে। ‘দুই পৃথিবী ২’ যদি তৈরি হয় এবং দেব যদি নিজে পরিচালনা করে, তবে আমি সেই ছবিতে নায়ক হিসেবে কাজ করব।’
জিতের এমন ঘোষণার পর অনুষ্ঠানস্থলে করতালি ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে ‘দুই পৃথিবী ২’ নির্মাণের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জিতের বক্তব্যে ছবিটি নিয়ে সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গেলেও এর নির্মাণ কিংবা মুক্তির বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানানো হয়নি।
জমকালো এই আয়োজনে দেব ও তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কালো রঙের পোশাকে হাজির হন। প্রিয় তারকাদের দেখতে প্রেক্ষাগৃহের বাইরে ভক্তদের ভিড় জমে। বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে দেব ও জিতের পুনর্মিলন অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য ও রজতাভ দত্তসহ আরও অনেকে।
অনুষ্ঠানে ‘দেশু ৭’ নির্মাণের পেছনের নানা অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন দেব। বিশেষ করে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের ওপর থাকা নিষেধাজ্ঞা কাটিয়ে তাঁকে আবার সিনেমায় ফিরিয়ে আনার বিষয়েও স্মৃতিচারণ করেন তিনি।
অন্যদিকে, অভিনেত্রী ইধিকা পাল সিনেমাটি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, ছবিটি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে এবং এটি একটি মাস্টারপিস হতে যাচ্ছে।
দেব ও জিতের একই মঞ্চে উপস্থিতি এবং সম্ভাব্য যৌথ সিনেমা নিয়ে বক্তব্যের পর দুই তারকার ভক্তদের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ‘দুই পৃথিবী ২’ শেষ পর্যন্ত নির্মাণের পথে এগোয় কি না।
স্বদেশ প্রতিদিন/এস পি