প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৪:৩০ পিএম

পাবনা শহরের লস্করপুর টার্মিনাল এলাকায় গাজী টেলিভিশনের (জিটিভি) জেলা প্রতিনিধি মো. নবী নেওয়াজকে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২ থেকে ৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন—মো. ইবাদ শেখ ওরফে ড্রাইভার ইবাদ, মো. আমিন উদ্দিন ও শ্রী মিলন গোবিন্দ চৌধুরী।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে পাবনা জজ কোর্টে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফিরছিলেন সাংবাদিক নবী নেওয়াজ। লস্করপুর টার্মিনাল সংলগ্ন একটি গেটের পাশে রিপনের চায়ের দোকানের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জের ধরে অভিযুক্তরা তাকে ঘিরে গালিগালাজ শুরু করেন।
অভিযোগে বলা হয়, ঘটনার প্রতিবাদ করলে ইবাদ শেখ তাকে হত্যার হুমকি দিয়ে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারেন। নবী নেওয়াজ দুই হাত দিয়ে কোপ ঠেকানোর চেষ্টা করলে তার হাতে গুরুতর আঘাত লাগে। পরে অভিযুক্তরা তাকে লাঠি ও কিল-ঘুষি দিয়ে মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়।
এ সময় তার শার্টের পকেটে থাকা নগদ টাকা ও হেডফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা নবী নেওয়াজকে উদ্ধার করে পাবনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি (অপারেশন) নাহিরুল ইসলাম বলেন, ‘সাংবাদিককে মারধরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্বদেশ প্রতিদিন/এস পি