প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম

সংগৃহীত ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মোমিন বাহারের সভাপতিত্বে এবং শিক্ষক মোহাম্মদ বেলায়েত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আশ্রাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিজাম উদ্দীন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বামনী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আনিছুল হক এমএ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনছার উল্যাহ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমাস খান বাহাদুর, বামনী ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক শাহিদা আফরোজ রুনা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আবদুল্যাহ নয়ন, অভিভাবক সদস্য আবদুল মালেক, ইউপি সদস্য আবদুল হালিম মিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল হক মঞ্জু, শিক্ষিকা রাণী মজুমদার প্রমুখ।
সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি, বাড়িতে পড়ালেখার পরিবেশ নিশ্চিত করা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিকাশসহ শিক্ষার সার্বিক মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় অভিভাবকদের বিভিন্ন মূল্যবান পরামর্শ গ্রহণ করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
১৯১৪ সালে প্রতিষ্ঠিত বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়টি প্রতিবছর ট্যালেন্টপুল বৃত্তিসহ বিভিন্ন মেধাবৃত্তি অর্জনের মাধ্যমে সাফল্যের স্বাক্ষর রেখে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৩১১ জন শিক্ষার্থী রয়েছে। প্রধান শিক্ষকসহ মোট ১২ জন শিক্ষক শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষকদের নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টির শিক্ষার মান ক্রমাগত উন্নত হচ্ছে।
সমাবেশে বক্তারা বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও সাফল্য ধরে রাখার পাশাপাশি শিক্ষার মান আরও এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও স্থানীয় বিশিষ্টজনদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।