প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৫ পিএম

সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ ঘটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ব্যাক্তির নাম মোহাম্মদ টমাস (৩৫) বলে জানা গেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে পৌনে চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
নিহত মোহাম্মদ টমাস শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর লাম্বার টোলা গ্রামের মর্তুজার ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এর অনুসারী হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন।
স্থানীয় সূত্রের দাবি, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেলগুলো তৈরি করা হচ্ছিল। তবে এ দাবির বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ওসি মতিউর রহমান বলেন, বোমা বা ককটেল বিস্ফোরণে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, বিনোদপুর ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে টমাস নামে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। আহতদের নাম ও ঠিকানা জানা যায় নি। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত আছে এবং বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।