প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম

বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজীব আল রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তথ্যটি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে থানার কর্মস্থলে অবস্থানকালেই হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়েন ওসি শেখ রাজীব আল রশিদ। সহকর্মীরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নানা পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আজ বৃহস্পতিবার বাদ জোহর খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়েসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে রামপাল থানার ওসির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্বদেশ প্রতিদিন/এফএইচ