প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৫ পিএম

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে ‘পিচ্চি রাজা’ ওরফে রাজাকে প্রিজনভ্যান থেকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুই পুলিশ সদস্যসহ তিন আসামিকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪-এর বিচারক জুবায়ের রশিদ এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন—পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর কুমার এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেন।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান গ্রেপ্তার তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাদের কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়ার পথে প্রিজনভ্যান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।
মামলায় বলা হয়, রাত সাড়ে ৮টার দিকে প্রিজনভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে দায়িত্বে থাকা এসআই প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর জন্য গাড়ি থেকে নামান। এ সময় সুযোগ নিয়ে দৌড়ে পালিয়ে যান তিনি। পরে বাকি ২৯ আসামিকে কারাগারে নেওয়া হয়।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজনভ্যানের সঙ্গে থাকা এসআই প্রবীর কুমার, কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব, শাকিল হোসেন এবং প্রিজনভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ