
মাগুরায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোনসহ স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিট থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৩টা ৫০ মিনিট পর্যন্ত মাগুরা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কাশিনাথপুর গ্রামের মো. শাহীন আলম (৪৬), তার স্ত্রী সাথী খাতুন (৩৬) এবং সদর উপজেলার নন্দলালপুর গ্রামের খালিদ হাসান (৩১)।
মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) থান্দার খায়রুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ) মো. সাব্বির আহম্মেদ, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি, সিসিআইসি ও সদর থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, কাশিনাথপুর গ্রামের শাহীন আলমের বসতঘরের শয়নকক্ষে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এ ছাড়া মাদক বিক্রির ৩ লাখ ৪৮ হাজার টাকা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডিসকভারি ১৩৫ সিসি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য এবং দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, শাহীন আলমের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলা রয়েছে। তার স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধেও দুটি মাদক মামলা রয়েছে।
মাগুরা জেলা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০২৬ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ আরও জানায়, মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক, জুয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এ অভিযান চলবে। একই সঙ্গে অপরাধ দমনে পুলিশকে সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি