প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৯ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় কুহিনূর আক্তার হত্যা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেওয়া আসামিরা নিম্ন আদালতে জামিন নিতে গিয়ে নতুন করে আইনি জটিলতায় পড়েছেন।
সোমবার (৫ অক্টোবর) কুমিল্লার আদালতে জামিনের জন্য হাজির হওয়া ৩৮ আসামির মধ্যে ছয়জনকে জামিন দেওয়া হলেও ৩২ জনকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গত ২৫ আগস্ট মামলার ৪১ আসামি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন নেন। পরে তাঁদের নিম্ন আদালতে হাজির হয়ে জামিন নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ অনুযায়ী সোমবার ৩৮ আসামি কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত ছয়জনকে জামিন দেন এবং ৩২ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ ছাড়া বাকি তিন আসামি আদালতে হাজির হননি বলে জানা গেছে।
এর আগে গত ২ অক্টোবর মামলার আরও একজন আসামিকে আটক করে মেঘনা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সাঈদ সানাউল্লাহ। তিনি বলেন, মামলা দায়েরের পর প্রথম দফায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মধ্যে চারজনকে মামলা দায়েরের রাতেই এবং একজনকে পরদিন গ্রেপ্তার করা হয়। সোমবার আদালতের নির্দেশে আরও ৩২ আসামিকে কারাগারে পাঠানোর পর এ মামলায় এ পর্যন্ত মোট ৩৮ জন আসামি গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বাইরে বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। আমরা সব আসামিকেই আইনের আওতায় নিয়ে আসব।’
স্বদেশ প্রতিদিন/এফএইচ