প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম

চণ্ডীগড়ে শেষ ওয়ানডে ম্যাচে ধীরগতির ওভার রেটের কারণে ভারত ও ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা করা হয়েছে। স্বাগতিক দলের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ক্যারিবীয়দের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
নির্ধারিত সময়ের অতিরিক্ত ছাড় বা ‘টাইম অ্যালাউন্স’ বিবেচনায় নেওয়ার পরও দেখা যায়, ওয়েস্ট ইন্ডিজ তাদের নির্ধারিত ৫০ ওভারের কোটা পূর্ণ করার সময় দুটি ওভার পিছিয়ে ছিল।
অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ ৪৮.২ ওভারে ৩৫২ রানের লক্ষ্য তাড়া করে জেতার সময় ভারতকে চার ওভার পিছিয়ে থাকতে দেখা যায়।
আইসিসির ‘কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স অ্যান্ড প্লেয়ার সাপোর্ট পার্সোনেল’-এর ২.২২ ধারা অনুযায়ী ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তির আদেশ দেন। নিয়ম অনুযায়ী, কোনো দল নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য ৫ শতাংশ জরিমানা করা হয়।
অন-ফিল্ড আম্পায়ার জয়রামন মদনগোপাল ও স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা এবং চতুর্থ আম্পায়ার বীরেন্দ্র শর্মা এই অভিযোগ আনেন। দুই দলের অধিনায়ক শুভমান গিল ও শাই হোপ শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
গত তিন মাসের মধ্যে এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের এটি দ্বিতীয় ওভার-রেট সংক্রান্ত শাস্তি। এর আগে জুলাই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে তাদের ৫ শতাংশ জরিমানা করা হয়েছিল।
ভারতের ক্ষেত্রে আগের ওভার-রেট সংক্রান্ত শাস্তির ঘটনাটি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুর ওয়ানডেতে, যা অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের ডিসেম্বরে। ওই ম্যাচে ভারতকে ১০ শতাংশ জরিমানা করা হয়েছিল।
আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) লখনউতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ