প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:১৪ পিএম

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘আলোকিত মানুষ গড়ার কারিগর’ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কৃতি শিক্ষক সম্মাননার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলা এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক ও উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে তেতুলতলায় আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জু। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।
আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সামাজিক ও পেশাগত মর্যাদা বৃদ্ধি, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষকদের ন্যায্য অধিকার সুরক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
তাঁরা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তাই শিক্ষকদের জীবনমান উন্নয়ন ও তাঁদের সম্মান রক্ষায় রাষ্ট্র ও সমাজকে আরও আন্তরিক হতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মকবুলার রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও শিক্ষক সোহরাব আলীসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুইজন শ্রেষ্ঠ শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। দিবসটির কর্মসূচিতে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং শিক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি