প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম

রাজশাহীর টেনিস কমপ্লেক্সের ২ নম্বর কোর্টে প্রাক্-বাছাই ম্যাচে নেমেই দাপট দেখিয়েছেন চীনের টেনিস খেলোয়াড় শি চাও। ওয়াইল্ড কার্ড পাওয়া এই খেলোয়াড় প্রথম ম্যাচে আরিফ হোসেনকে সরাসরি দুই সেটে হারিয়ে গ্রুপ পর্ব নিশ্চিত করেছেন। ম্যাচে তার জয় ৬-০, ৬-২ গেমে।
আগামীকাল গ্রুপ পর্বের ম্যাচে খেলতে দেখা যাবে শি চাওকে। দেশের বাইরে এটাই তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ।
ম্যাচ শেষে শি চাও বলেন, ‘অবশ্যই এটি আমার জন্য আনন্দের। দেশের বাইরে প্রথম খেলতে এসে একটু চাপ অনুভব করছিলাম। কিন্তু যখন পরিচিত টেনিস কোর্টের মতো পরিবেশে খেলতে নেমেছি, তখন সবকিছু সহজ মনে হয়েছে।’
রাজশাহীর পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিদেশের মাটিতে খেলার অনুভূতি একটু ভিন্ন। এখানে গরমও বেশি। মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। স্বপ্ন অবশ্যই শিরোপা জয় করা। তবে সেই পথ সহজ হবে না, এটা আমি জানি। এই টুর্নামেন্টে বিভিন্ন দেশের অনেক ভালো খেলোয়াড় অংশ নিচ্ছেন।’
প্রতিপক্ষ আরিফ হোসেন সম্পর্কে শি চাও বলেন, ‘আরিফ ভালো খেলেছেন। আমি শুধু তার ভুলগুলো কাজে লাগিয়ে এগিয়ে গেছি।’
স্বদেশ প্রতিদিন/এফএইচ