প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ২:৩৬ পিএম

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচজন সক্রিয় মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি, আতঙ্ক সৃষ্টি এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা এলাকায় ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের দুই সদস্য জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে। জিসান কোতোয়ালি থানার তেলিকোনা, গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুস ও রুবি বেগমের ছেলে।
চৌদ্দগ্রাম থানা এলাকায় ‘১২০৭’ গ্যাংয়ের দুই সদস্য মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩)কে গ্রেপ্তার করা হয়। তারেক হোসেন সৈকত নলিশ্বর, খিরনশাল এলাকার আব্দুল মালেক ও কাহিনুর আক্তারের ছেলে। জাফর আহমদ চৌদ্দগ্রামের কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলী ও জ্যোস্না বেগমের ছেলে।
এ ছাড়া মনোহরগঞ্জ থানা এলাকায় ‘PX 10’ গ্যাংয়ের সদস্য মো. শাকিব (১৭)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়া ও শিউলি বেগমের ছেলে।
সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘কিশোর গ্যাং গ্রুপের প্রধানদের আটক করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।’
জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে এবং কিশোর গ্যাংসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি