প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:২২ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এ বছর ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজাকে কেন্দ্র করে এরই মধ্যে উপজেলার বিভিন্ন মণ্ডপে শুরু হয়েছে আয়োজনের প্রস্তুতি।
উপজেলা পূজা উদ্যাপন কমিটি সূত্রে জানা গেছে, কাঁঠালিয়ার ছয়টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হবে ১ নম্বর চেঁচরীরামপুর, ৩ নম্বর আমুয়া ও ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নে। এর মধ্যে চেঁচরীরামপুর ইউনিয়নে ১০টি, পাটিখালঘাটা ইউনিয়নে ৩টি, আমুয়া ইউনিয়নে ১১টি, কাঁঠালিয়া সদর ইউনিয়নে ৫টি, শৌলজালিয়া ইউনিয়নে ১১টি এবং আওরাবুনিয়া ইউনিয়নে ৭টি মণ্ডপে পূজা আয়োজনের প্রস্তুতি চলছে।
পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি গৌতম চন্দ্র বিশ্বাস (গৌরাঙ্গ) আশা প্রকাশ করে বলেন, প্রতিবছরের মতো এবারও উপজেলার ছয়টি ইউনিয়নের সব মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপিত হবে।
সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, দুর্গাপূজা নির্বিঘ্ন করতে উপজেলা পূজা উদ্যাপন কমিটি এবং পূজামণ্ডপগুলোর সভাপতি ও সম্পাদকদের নিয়ে শিগগিরই যৌথ সভা করা হবে।
ওসি আরও জানান, নিরাপত্তার স্বার্থে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। বর্তমানে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি