প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

সৌদি আরবে পাইপলাইনের কাজ করার সময় মাটিচাপা পড়ে ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের বিমানবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের আমজেদ হাওলাদারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত ইসমাইল হোসেন বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আমজেদ হাওলাদারের ছেলে এবং তিন ভাইয়ের মধ্যে সবার বড়। পরিবারের আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য দেনা করে গত ২০২৫ সালের ৫ জানুয়ারি সৌদি আরবে পাড়ি জমান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদ শহরের বিমানবন্দর এলাকায় একটি চীনা কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কাজ করতেন ইসমাইল। বৃহস্পতিবার পাইপলাইনের কাজ করার সময় হঠাৎ মাটি ধসে তার ওপর পড়ে। এতে তিনি মাটিচাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন।
নিহত ইসমাইলের স্ত্রী সোনিয়া বেগম জানান, প্রতিদিনই স্বামীর সঙ্গে তার কথা হতো। বৃহস্পতিবার সকালেও তাদের কথা হয়। এ সময় ইসমাইল দুপুরে আবার ফোন করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু দুপুর পেরিয়ে বিকেল হলেও ফোন না আসায় তিনি স্বামীর সহকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।
সোনিয়া বেগম বলেন, ‘বিকেল ৪টার দিকে সহপাঠীরা ফোন দিয়ে জানায়, আমার স্বামী দুর্ঘটনার কবলে পড়েছেন। এর কিছুক্ষণ পর আবার ফোন করে জানানো হয়, হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।’
ইসমাইলের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের মাতম চলছে। সংসারের হাল ধরতে দেনা করে বিদেশে যাওয়া ইসমাইলের এমন মৃত্যুতে স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।
নিহতের পরিবারের দাবি, দ্রুত ইসমাইল হোসেনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় সহযোগিতা ও সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
স্বদেশ প্রতিদিন/এস পি