প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৭:৫১ পিএম

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে চাচা-ভাতিজার হাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে। নিহত শফিকুল ইসলাম বারুর গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দিনমজুর শফিকুল ইসলামের বাড়ির পাশে তার বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান। ওই সময় একই বাড়ির জয়নাল আবেদীন (এলু মেম্বার)-এর ছেলে লিমন (৪০) ও তার বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাত (২২) গিয়ে বাঁশ কাটতে শফিকুলকে বাধা প্রদান করেন। এ নিয়ে দু’পক্ষই বাঁশঝাড় নিজেদের দাবি করে মারামারিতে লিপ্ত হয় এবং একপর্যায়ে দা দিয়ে কুপিয়ে শফিকুল ইসলামের নাড়িভুঁড়ি বের করে দুই চাচা-ভাতিজা পালিয়ে যান।
ওই সময় স্থানীয়রা গুরুতর আহত শফিকুল ইসলামকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লিমন নামের একজন ঘাতককে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ