সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বুধবার ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেনের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির আন্তর্জাতিক ভ্রমণের চাহিদার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এই দুই বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালু হলে যাতায়াত সহজ হবে। একই সঙ্গে দুই দেশের মানুষের যোগাযোগও বাড়বে।
বর্তমানে একটি তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এয়ারলাইনস ঢাকা-ইস্তাম্বুল রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনা করছে। এই রুটে আরও তিনটি সাপ্তাহিক ফ্লাইট চালুর বিষয়ে তুরস্কের আগ্রহকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সুযোগ আরও বাড়বে।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয়টি। মন্ত্রী বলেন, সিলেট ও চট্টগ্রামের মানুষের আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজন তুলনামূলক বেশি। সরাসরি ফ্লাইট চালু হলে তাদের ঢাকায় এসে আন্তর্জাতিক ফ্লাইট ধরার প্রয়োজন কমবে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আট বছর পর বিদেশি এয়ারলাইনসের ফ্লাইট পুনরায় চালু হয়েছে। বর্তমানে একটি ওমানভিত্তিক এয়ারলাইনস সিলেট-মাসকাট রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করছে।
বৈঠকে তুরস্কের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটনকেন্দ্র উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পে তুরস্কের বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় তুরস্কের পর্যটন খাতের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশি নাগরিকদের জন্য তুরস্কের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রাষ্ট্রদূত রামিস শেন ছাড়াও দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর বিলাল বেলইউর্ট এবং তুরস্কের একটি আন্তর্জাতিক এয়ারলাইনসের বাংলাদেশ প্রতিনিধি ইসলাম গুরে উপস্থিত ছিলেন। উভয় পক্ষ বিমান চলাচল, পর্যটন, বিনিয়োগ ও জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আগ্রহ প্রকাশ করে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ