প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯ জন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৭ জনের। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১ জন প্রাণ হারিয়েছেন। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ১০৮ জন মারা গেছেন।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮ জন হামে আক্রান্ত হয়েছেন, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২২১। এই সময়ে ১ হাজার ১৪৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৩১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৫২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ