প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত থেকে ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা মূল্যের ২৬ পিস স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবির সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্ধ্যা ৬টার সময় স্থানীয় বাগআঁচড়া বাজারের একটি মার্কেট থেকে স্বর্ণের বারসহ পাচারকারী রিপনকে আটক করা হয়। আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো যশোরের এক দক্ষ জুয়েলারি দিয়ে যাচাই করা হয়েছে। যা খাঁটি স্বর্ণ এবং ২৪ ক্যারেটের।
খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সূত্রে খবর পেয়ে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে রিপনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। এ সময় তার দেওয়া তথ্য মতে, তার কাছে কৌশলে লুকানো অবস্থায় ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম এবং বাজার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। তার বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ