| শিরোনাম: |

বাংলাদেশে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠকে এ তথ্য জানান তিনি। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের প্রযুক্তি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ববি হাজ্জাজ বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর শিল্পে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর আগ্রহ বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করতে পারে।
তিনি বলেন, এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বৈশ্বিক প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।
ববি হাজ্জাজ আরও বলেন, এআই ও ডেটা অবকাঠামো, সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বিনিয়োগ দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে।
গোলটেবিল বৈঠকে এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগ, প্রযুক্তি স্থানান্তর, দক্ষ জনশক্তি উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন, বাণিজ্য সম্প্রসারণ ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
আলোচনাটি সঞ্চালনা করেন কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান তথ্য ও প্রযুক্তি কর্মকর্তা শামীম মোহাম্মদ। এতে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।
বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতেও সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি অংশীদারত্ব আকর্ষণের উদ্যোগ জোরদার হয়েছে। সরকারি বিনিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ডিজাইন, অ্যাসেম্বলি, টেস্টিং ও প্যাকেজিং খাতে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক যৌথ উদ্যোগ উৎসাহিত করছে।
স্বদেশ প্রতিদিন/এস পি