প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪০ পিএম

বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উজিরপুরের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে।
নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুস্তাকিম। নিহতদের বয়স ১৮ থেকে ২০ বছর। তিনজনই এ বছরের এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, ঢাকা থেকে বরিশালগামী একটি মোটরসাইকেলকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি বাসের ধাক্কায় ছিটকে পড়ে এবং বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। পরে বাসের চালক ও হেলপার পালিয়ে যান।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করে যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাস্থলে থাকা গৌরনদী মহাসড়ক থানার এসআই আবুর বাশার বলেন, তিনজনের মরদেহ পেয়েছি। বাস জব্দ করা হয়েছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ