
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বাগত ও আনন্দ মিছিল করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও পোস্টার নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং পরে স্বাগত ও আনন্দ মিছিলে অংশ নেন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা কর্মসূচিতে অংশ নেন। ফ্লোরিডা, বোস্টন, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি, নিউজার্সি, শিকাগো, কানেকটিকাট, পেনসিলভানিয়া, জর্জিয়া ও টেনেসি থেকে নেতাকর্মীরা এতে যোগ দেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন কর্মসূচির সমন্বয় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন ও জিল্লুর রহমান জিল্লুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সেলিম রেজা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেওয়ায় তারা গর্বিত ও আনন্দিত।
ফ্লোরিডা স্টেট বিএনপির সভাপতি ইমরানুল হক চাকলাদার বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসীদের মধ্যে উদ্দীপনা তৈরি হয়েছে। প্রবাসীরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিজেদের পরিকল্পনা ও মতামত তুলে ধরতে চান বলেও তিনি জানান।
ক্যালিফোর্নিয়া স্টেট বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু ও সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমানের নেতৃত্বেও নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। শিপলু বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিয়েছেন।
এর আগে নিউইয়র্ক সময় ২৪ সেপ্টেম্বর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটিই জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম ভাষণ। তিনি বাংলায় বক্তব্য দেন।
প্রায় ১৫ মিনিটের ওই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও অগ্রাধিকার, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট এবং প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহারের মতো বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।
ভাষণে প্রধানমন্ত্রী জাতিসংঘকে শান্তিপূর্ণ ও মানবিক বিশ্ব প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে দেখার কথা বলেন। পাশাপাশি বিশ্বশান্তি, নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি জনগণের অধিকারসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
বাংলায় ভাষণ দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর বক্তব্যের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল। বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, একই পরিবারের তিন সদস্য—জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান—জাতিসংঘ সাধারণ পরিষদে রাষ্ট্র বা সরকারপ্রধান হিসেবে ভাষণ দেওয়ার ঘটনা জাতিসংঘের ইতিহাসে বিরল।
স্বদেশ প্রতিদিন/এস পি