প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ পিএম

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিণহাটি এলাকায় দুটি কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কলোনির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার দিবাগত রাত ১টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হরিণহাটি এলাকায় রাসেল আহমেদ ও আমিনুল ইসলামের মালিকানাধীন দুটি কলোনিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশে ছড়িয়ে পড়লে কলোনির বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে একটি কলোনিতে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত পাশের আরেকটি কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে আগুনে দুই কলোনির ২৩টি কক্ষ ও পাঁচটি দোকান পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, রাত ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার এবং তাদের সহায়তার আশ্বাস দেন।
স্বদেশ প্রতিদিন/এস পি