প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১১ পিএম আপডেট: ২৩.০৯.২০২৬ ৭:১৭ PM

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের ঘটনাটি ঘটে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার বাড়ি ফাঁকা পেয়ে ওই শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। তখন বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে।
পরে আজ বুধবার সকালে স্থানীয়রা বসে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ