প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১২ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছানোর পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদরদপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে এ প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা তাঁদের সহধর্মিণীদের সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন। সেখানে জাতিসংঘ মহাসচিব ও তাঁর স্ত্রীর সঙ্গে ফটোসেশনে অংশ নেন তাঁরা।
প্রধানমন্ত্রী তারেক রহমানও ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ফটোসেশনে অংশ নেন। এ সময় আন্তোনিও গুতেরেস ও তাঁর স্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
প্রাতরাশ শেষে সকাল ৯টায় জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেন প্রধানমন্ত্রী। এতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে এটিই হবে তাঁর প্রথম ভাষণ। প্রচলিত রীতি অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী কয়েকটি দেশের সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও উচ্চপর্যায়ের সৌজন্য সাক্ষাৎ করবেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ