
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে যেকোনো প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ নগরীর খানপুরে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
রাজউকের সেবা ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজউকের সেবাব্যবস্থায় বেশ কিছু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজউকের আওতাধীন এলাকা বড় হলেও সে তুলনায় পর্যাপ্ত জনবল ছিল না। স্থানীয় পর্যায়ে মানুষের সেবা সহজ করতে গাজীপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে।
জাকারিয়া তাহের সুমন বলেন, মানুষের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে জনবল প্রয়োজন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। এর ফলে স্থানীয় পর্যায়ে সেবা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
রাজউকের সেবাব্যবস্থার পরিবর্তনের কথা তুলে ধরে তিনি বলেন, সরকারের নির্দেশনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে রাজউকে ফ্ল্যাট বিক্রি বা হস্তান্তরের ক্ষেত্রে মেইন ক্লিয়ারেন্সের প্রয়োজন হতো। এখন কারও নামে মিউটেশন হয়ে গেলে এ জন্য আর রাজউকে যেতে হবে না।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে এনডিএর আইন পাস হয়েছে। কার্যালয় উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। নারায়ণগঞ্জবাসীকে আরও ভালো সেবা দেওয়ার পাশাপাশি একটি পরিকল্পিত নগর গড়ে তোলাই এ কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য।
তিনি জানান, রাজউকের মাস্টারপ্ল্যানের পাশাপাশি নারায়ণগঞ্জের জন্য আলাদা একটি বিশেষ পরিকল্পনা প্রণয়ন করা হবে। সেই পরিকল্পনার ভিত্তিতে নগর উন্নয়নের কার্যক্রম পরিচালিত হবে।
এনডিএর সীমানা সম্প্রসারণের বিষয়েও যাচাই-বাছাই চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, কর্তৃপক্ষের একটি সীমানা নির্ধারণ করা হয়েছে। সেটি আরও বাড়ানোর সুযোগ আছে কি না, তা দেখা হচ্ছে। এ ক্ষেত্রে ফতুল্লা, সোনারগাঁসহ আশপাশের এলাকাগুলোও বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, এনডিএর চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব ও জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ