প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ পিএম আপডেট: ২২.০৯.২০২৬ ৬:৩২ PM

কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার রাতে তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তিতাস উপজেলার ৩ নম্বর বলরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য উলুকান্দি গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে মো. কামরুল হাসান (৫৫) এবং ৮ নম্বর জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের আশরাফ উদ্দিন সরকারের ছেলে ছাত্রলীগ নেতা মো. ফারুক সরকার (২৭)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন নস্যাৎ করার উদ্দেশ্যে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তারা জড়িত ছিলেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ