প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে জমি নিয়ে বিরোধের জেরে শহীদুল ইসলাম মন্ডলকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পটল বাজারে এ কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। বিক্ষোভ মিছিল শেষে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য দেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চরহামজানি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে শহীদুল ইসলাম মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ফুফাতো ভাই মৃত আমজাদ আলীর ছেলে ইউসুফ আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ