প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫ পিএম

রাজশাহীর চারঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রনিক রেজিস্টর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট থানার রাজশাহী ক্যাডেট কলেজের প্রাচীরসংলগ্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সূত্রে জানা যায়, ইউসুফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চোরাকারবারিরা ভারত থেকে আনা কিছু পণ্য অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে।
তথ্য পাওয়ার পর বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হয়। টহল দলটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে সেখানে থাকা চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পায়। এরপর তারা সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি খুলে এর ভেতর ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রনিক রেজিস্টর পাওয়া যায়। জব্দ করা পণ্যগুলো মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে।
রেজিস্টর হলো দুই টার্মিনালবিশিষ্ট একটি প্যাসিভ ইলেকট্রনিক উপাদান, যা বৈদ্যুতিক প্রবাহে নির্দিষ্ট মাত্রার রোধ সৃষ্টি করে। ইলেকট্রনিক সার্কিটে বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ, ভোল্টেজ ভাগ এবং সিগন্যালের মাত্রা নিয়ন্ত্রণসহ বিভিন্ন কাজে রেজিস্টর ব্যবহার করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা পণ্যগুলো শুল্ক অফিস, রাজশাহীতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এসব পণ্য কীভাবে সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী ব্যাটালিয়ন।
সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখছে বিজিবির সদস্যরা।
স্বদেশ প্রতিদিন/এস পি