প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ AM

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে আত্তীকরণ ও নিয়মিতকরণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ।
১৭ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। উপসচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত আদেশে কমিটিকে সংশ্লিষ্ট আইন, বিধিমালা, সাংগঠনিক কাঠামো, আদালতের আদেশ এবং আইনগত মতামত পর্যালোচনা করে সুপারিশ দিতে বলা হয়েছে।
কমিটিতে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্মসচিবকে আহ্বায়ক করা হয়েছে। পাশাপাশি উন্নয়ন অধিশাখা ও আইন অধিশাখার যুগ্মসচিব বা উপসচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটির অপর সদস্য হিসেবে এলজিইডির প্রধান প্রকৌশলী অথবা তাঁর মনোনীত একজন প্রতিনিধিকে রাখা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন-১ শাখার উপসচিব বা সিনিয়র সহকারী সচিব সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯, এলজিইডির সাংগঠনিক কাঠামো, সংশ্লিষ্ট মামলার আদেশ এবং আইন ও বিচার বিভাগ কর্তৃক দেওয়া মতামত যথাযথভাবে পর্যালোচনা করতে হবে।
এসব বিষয় বিবেচনা করে এলজিইডির রাজস্ব খাতে বিভিন্ন ক্যাটাগরির পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আত্তীকরণ ও নিয়মিতকরণের বিষয়ে সুপারিশ দেবে পাঁচ সদস্যের এই কমিটি।
জনস্বার্থে জারি করা অফিস আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি