
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চলতি বছরে নতুন রিট মামলা দায়েরের তুলনায় নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৬ সালের এপ্রিল থেকে জুন—এই তিন মাসে নতুন রিট মামলার তুলনায় দ্বিগুণেরও বেশি মামলা নিষ্পত্তি হয়েছে।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরুতে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ৯৬০টি। বছরের প্রথম তিন মাসে নতুন করে ৪ হাজার ১১২টি রিট মামলা দায়ের হয়। একই সময়ে নিষ্পত্তি হয় ২ হাজার ২১৩টি মামলা।
এরপর এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে নতুন রিট মামলা দায়ের হয় ৪ হাজার ৭২৯টি। বিপরীতে এই সময়ে নিষ্পত্তি হয় ৯ হাজার ৫৯০টি রিট মামলা। অর্থাৎ নতুন মামলার তুলনায় নিষ্পত্তির সংখ্যা ছিল দ্বিগুণেরও বেশি। জুনের শেষে হাইকোর্টে বিচারাধীন রিট মামলার সংখ্যা কমে দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার ৯৯৯টিতে।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল মনে করেন, আদালতে বিচারিক শৃঙ্খলা নিশ্চিত করা গেলে রিট মামলার সংখ্যা আরও কমানো সম্ভব। তাঁর মতে, অনেক ক্ষেত্রে জনস্বার্থের মামলা করার নামে ব্যক্তিস্বার্থ বা ব্যক্তিগত বিরোধের বিষয় হাইকোর্টে রিট হিসেবে নিয়ে আসা হচ্ছে।
জমি দখল, জমির সীমানা কিংবা ব্যক্তিগত সম্পত্তি-সংক্রান্ত বিরোধের মতো বিষয় সরাসরি রিটের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এসব ক্ষেত্রে প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিকে নিম্ন আদালতে গিয়ে প্রতিকার চাইতে হয়।
এ ছাড়া অ্যাটর্নি জেনারেল সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের সিদ্ধান্ত হাইকোর্টের জন্য বাধ্যতামূলক হওয়ার বিষয়টি তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, যেসব বিষয়ে আপিল বিভাগ ইতোমধ্যে আইনগত অবস্থান নির্ধারণ করেছেন, সেসব ক্ষেত্রে তা অনুসরণ করা হলে বিচারিক শৃঙ্খলা আরও সুসংহত হতে পারে।
তবে রিট মামলা শুধু মামলার চাপ তৈরির বিষয় নয়; জনস্বার্থ রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশে জনস্বার্থে রিটের আইনগত ভিত্তি গড়ে ওঠে ‘মহিউদ্দিন ফারুক বনাম বাংলাদেশ’ মামলার রায়ের মাধ্যমে। এর পর থেকে পরিবেশ, জনস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, নদী রক্ষা, অবৈধ ইটভাটা বন্ধ, পাহাড় কাটা প্রতিরোধ এবং নারী-শিশুসহ প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় বিভিন্ন রিট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে বিভিন্ন ধরনের রিটের সুযোগ রয়েছে। এর মধ্যে হেবিয়াস করপাস, ম্যান্ডামাস, সার্টিওরারি, প্রহিবিশন ও কো-ওয়ারেন্টো উল্লেখযোগ্য।
ফলে একদিকে যেমন অপ্রয়োজনীয় বা ভুল এখতিয়ারে দায়ের হওয়া রিট কমানো প্রয়োজন, অন্যদিকে প্রকৃত জনস্বার্থের বিষয়গুলোতে রিটের কার্যকর ভূমিকা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। রিট ব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর বিচার নিশ্চিত হলে একদিকে মামলার জট কমতে পারে, অন্যদিকে নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় আদালতের ভূমিকা আরও কার্যকর হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এস পি