প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৬ পিএম

চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) প্রায় ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও সাক্ষ্যগ্রহণ হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালতে সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় আদালতে আরও চারজন সাক্ষীকে উপস্থাপন করা হয়েছিল। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে এ মামলায় এখন পর্যন্ত মোট ৪৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।
আদালত মামলাটির পরবর্তী তারিখ আগামী ২১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন।
দুদকের দায়ের করা এই মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগপত্র গত ৫ জানুয়ারি চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে জমা দেন দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক (ডিডি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাইফুজ্জামান চৌধুরীর স্ত্রী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী এবং সাবেক ব্যাংক কর্মকর্তা বজল আহমদ বাবুলসহ আরও কয়েকজন।
মামলাটিতে অভিযোগের বিষয়ে আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা প্রক্রিয়া চলমান রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ