প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ AM

নবম জাতীয় পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নতুন কাঠামোয় সব গ্রেডে একই হারে বার্ষিক ইনক্রিমেন্ট না দিয়ে গ্রেডভেদে ভিন্ন হার নির্ধারণ করা হচ্ছে। এতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি হারে বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, অন্যদিকে উচ্চ বেতনভোগীদের ইনক্রিমেন্টের হার ধীরে ধীরে কমবে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, গ্রেড-২০ থেকে গ্রেড-৬ পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট হবে ৫ শতাংশ। গ্রেড-৫-এ ৪ শতাংশ, গ্রেড-৪ ও গ্রেড-৩-এ ৩ দশমিক ৫ শতাংশ এবং গ্রেড-২-এ ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের কথা বলা হয়েছে। অর্থাৎ উচ্চ গ্রেডে মূল বেতন বেশি হলেও প্রতিবছর বেতন বৃদ্ধির শতকরা হার তুলনামূলক কম থাকবে।
সশস্ত্র বাহিনীর ক্ষেত্রেও একই ধরনের নীতি অনুসরণের কথা বলা হয়েছে। ক্যাপ্টেন ও সমতুল্য এবং তার নিচের পদে ৫ শতাংশ ইনক্রিমেন্ট, মেজর পদে ৪ শতাংশ, লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল পদে ৩ দশমিক ৫ শতাংশ এবং ব্রিগেডিয়ার জেনারেল ও সমপদে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্ট নির্ধারণের কথা রয়েছে।
নতুন পে-স্কেলে শুধু মূল বেতন নয়, বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধাতেও পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এর মধ্যে বাড়িভাড়া ভাতার হার কমানোর পাশাপাশি চিকিৎসা ও মোবাইল ভাতা বাড়ানোর বিষয় রয়েছে। ফলে নতুন কাঠামোয় সরকারি কর্মচারীদের মোট বেতন-ভাতার হিসাবেও পরিবর্তন আসতে পারে।
এদিকে ২০২৪ সালে চালু হওয়া সরকারি কর্মচারীদের বিশেষ প্রণোদনাও নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বাতিল হওয়ার কথা রয়েছে। এই প্রণোদনা প্রথমে ৫ শতাংশ এবং পরে ১০ শতাংশ করা হয়েছিল।
প্রতিবেদন অনুযায়ী, ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন করা হয়েছে। নতুন কাঠামোয় বর্তমানে থাকা ২০টি গ্রেডই রাখা হয়েছে। এতে গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং গ্রেড-১-এর নির্ধারিত বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার কথা বলা হয়েছে।
নতুন বেতন কাঠামোর অন্যতম লক্ষ্য হিসেবে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় এবং সরকারি কর্মচারীদের জীবনমান বিবেচনায় বেতন-ভাতাকে আরও যৌক্তিক করার কথা বলা হয়েছে। তবে আর্থিক সক্ষমতার বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো কাঠামো একবারে কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি