প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী ভর্তি হয়েছে।
নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, চট্টগ্রামে ২৮১ জন, সিলেটে ১৯৭ জন, বরিশালে ১২৫ জন, খুলনায় ৯৮ জন, ময়মনসিংহে ৮২ জন, রাজশাহীতে ৩০ জন এবং রংপুরে ১৯ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। তাদের মধ্যে ২০ হাজার ২০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
ক্রমাগত নতুন রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনায় দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। হাসপাতালগুলোতে রোগীর চাপও অব্যাহত রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ