প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯ পিএম

সেপ্টেম্বরের প্রথম ১২ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৬১ ডেঙ্গু রোগী। ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯ জনে।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আগস্টে ডেঙ্গুতে ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা যান। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৬১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫১ হাজার ৮৩৭ জনে পৌঁছেছে।
একই সময়ে চিকিৎসা শেষে ১ হাজার ৩৯৪ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮ হাজার ৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন রোগীর সংখ্যা ৬২৭ জন। এরপর খুলনায় ২৭৫, বরিশালে ২০২, চট্টগ্রামে ১৮১, রাজশাহীতে ১০৪, ময়মনসিংহে ৯৩, রংপুরে ৭৩ এবং সিলেটে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গুতে মৃত্যু ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ