প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৬ পিএম

আগামী তিন মাসকে ডেঙ্গু পরিস্থিতির জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ সময় হিসেবে উল্লেখ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এ সময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের অন্যতম কার্যকর উপায় হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসাসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগ সফল করতে সারা দেশে একযোগে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। একই সঙ্গে পানি জমে থাকা স্থান ও এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন করার কার্যক্রমেও অংশ নেন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আব্দুল কুদ্দুছ, জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ