প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪১ পিএম

পূর্ব চীনের কিংদাও বন্দরে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আগুন লাগার সময় জাহাজটিতে ৪২ জন ছিলেন। এর মধ্যে ১৭ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টা ১৫ মিনিটের দিকে কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটির রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় আগুনের সূত্রপাত হয়। চীনের সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১৭ জনের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। জাহাজে আরও কেউ আটকে আছেন কি না, তা খুঁজে দেখতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
অগ্নিকাণ্ডের পর জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তিন ঘণ্টার কিছু বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন উদ্ধারকর্মীরা।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধারকাজে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
সরকারি গণমাধ্যমে প্রকাশিত ছবিতে জাহাজটিকে ‘ওশান মেলোডি’ হিসেবে শনাক্ত করা হয়েছে। প্রায় ১৯০ মিটার দীর্ঘ জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী। ট্র্যাকিং তথ্য অনুযায়ী, গত ৩১ আগস্ট জাহাজটি কিংদাও বন্দরে পৌঁছায়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রক্ষণাবেক্ষণের সময় কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ