প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পিএম

ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে সম্ভাব্য তৎপরতা নিয়ে তেহরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরান কোনো ধরনের ‘বাড়াবাড়ি’ করলে যুক্তরাষ্ট্র কঠোর হামলা চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
স্থানীয় সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ সতর্কবার্তা দেন।
ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স এলাকায় কিছুটা তৎপরতা দেখা যাচ্ছে। ইরানকে তিনি সেখানে বাড়াবাড়ি না করার পরামর্শ দেন। অন্যথায় যুক্তরাষ্ট্র হামলা চালালে তা অত্যন্ত কঠোর হবে বলেও সতর্ক করেন তিনি।
ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার খুব কাছেই পিকঅ্যাক্স মাউন্টেনের অবস্থান। পাহাড়টির গভীরে দুটি সুরক্ষিত ও বিস্তৃত টানেল কমপ্লেক্স রয়েছে বলে জানা গেছে। তেহরান থেকে এলাকাটির দূরত্ব প্রায় ২২০ কিলোমিটার দক্ষিণে এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা থেকে মাত্র ২ কিলোমিটার।
পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে ট্রাম্পের হুমকি অবশ্য নতুন নয়। গত জুলাইয়ের মাঝামাঝি সময় থেকেই বিভিন্ন বক্তব্যে তিনি ওই স্থাপনায় হামলার ইঙ্গিত দিয়ে আসছেন।
ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করা যুদ্ধের অন্যতম লক্ষ্য বলে দাবি করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তেহরানের বক্তব্য, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং দেশটির কোনো পারমাণবিক অস্ত্র নেই।
নাতাঞ্জে ইরানের দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা রয়েছে। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের সময় এসব স্থাপনায় হামলা চালানো হয়। এর আগে ইসরাইলের সঙ্গে ১২ দিনের সংঘাতের সময়ও নাতাঞ্জে হামলা হয়েছিল।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির তথ্য অনুযায়ী, পিকঅ্যাক্স মাউন্টেনের ভূগর্ভস্থ নির্মাণাধীন টানেল স্থাপনায় ওই দুই সংঘাতের কোনোটিতেই হামলা চালানো হয়নি।
এদিকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতার প্রভাব বিশ্ববাজারেও পড়েছে। এরই মধ্যে তেল ও গ্যাসের দাম বেড়েছে। আগামী নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিষয়টি ট্রাম্প ও তার রিপাবলিকান দলের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
ট্রাম্প এর আগে দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানের সঙ্গে যুদ্ধের অবসান হতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে রিপাবলিকানদের অবস্থান দুর্বল করার উদ্দেশ্যে তেহরান মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ