প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৫ পিএম

ইয়েমেনের আনসারুল্লাহ, যা হুথি নামে পরিচিত, কোনো দেশের নির্দেশে কাজ করে না বলে দাবি করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই বলেছেন, আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি এবং নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বাঘাই। তিনি বলেন, রুবিওর ‘মিথ্যা’ বক্তব্য সত্যকে পরিবর্তন করতে পারে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি শক্তি। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নেয়, কারও কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না এবং কোনো পক্ষের প্রক্সি হিসেবেও কাজ করে না।
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও আধিপত্যবাদী নীতিকে দায়ী করেন বাঘাই। তার ভাষ্য, ওয়াশিংটন যদি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাদের ‘ক্ষতিকর ও অস্থিতিশীল হস্তক্ষেপ’ বন্ধ করা উচিত।
তিনি আরও বলেন, বোমা হামলা কিংবা বাইরের চাপ প্রয়োগ করে ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মত রোডম্যাপের ভিত্তিতে অর্থবহ আলোচনা শুরু করা প্রয়োজন।
এর আগে মঙ্গলবার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইয়েমেনি বাহিনীর হামলার পেছনে ইরানের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আনসারুল্লাহকে স্বাধীন ইয়েমেনি শক্তি হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করল তেহরান।
২০১৫ সালে সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে। তৎকালীন সৌদি ও যুক্তরাষ্ট্র-সমর্থিত সরকারকে পুনর্বহালের লক্ষ্যেই ওই অভিযান পরিচালিত হয়। একই সময়ে ইয়েমেনের ওপর অবরোধও আরোপ করা হয়।
এরপর থেকে ইয়েমেনি বাহিনী অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ