| শিরোনাম: |

সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো বিশেষ উদ্দেশ্য বা বৈষম্য সৃষ্টি নয়, বরং দক্ষ ও যোগ্য প্রশাসনিক জনবল নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি সরকারি চাকরিতে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর পাশাপাশি লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিয়ে বিধিমালা পরিবর্তনের খবর প্রকাশিত হয়েছে। ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে জাহেদ উর রহমান বলেন, ভাইভায় নম্বর বাড়ানোর সিদ্ধান্তের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য নেই এবং এর মাধ্যমে কোনো ধরনের বৈষম্য সৃষ্টি করাও সরকারের লক্ষ্য নয়। বরং নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দক্ষ ও যোগ্য জনবল নিশ্চিত করতেই এই পরিবর্তন আনা হয়েছে।
তিনি আরও বলেন, নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষার গুরুত্ব বাড়ানোর বিষয়টি নিয়োগের মানোন্নয়নের সঙ্গে সম্পর্কিত। সরকারের লক্ষ্য হচ্ছে প্রশাসনে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগ দেওয়া।
সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ